ন্যূনতম ফ্লেক্সিলোড সীমা দ্বিগুণ করলো জিপি
নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে নতুন সিম বন্ধের নিষেধাজ্ঞার পর গ্রাহক পর্যায়ে ন্যূনতম রিচার্জ (ফ্লেক্সিলোড) সীমা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে গ্রাহক সংখ্যায় শীর্ষে থাকা দেশের মোবাইল অপারেটর গ্রামীণফোনের (জিপি)। গ্রাহকদের কাছে এসএমএস পাঠিয়ে অপারেটরটি জানিয়েছে, এখন থেকে আর ২০ টাকার কম রিচার্জ করা যাবে না।
অর্থাৎ বাংলাদেশি টেলিকম অপারেটরদের মধ্যে গ্রামীণফোনই প্রথম মোবাইল ন্যূনতম ২০টাকা রিচার্জের সীমা নির্ধারণ করে দিলো। এরআগে গ্রামীণফোনের গ্রাহকদের সর্বনিম্ন রিচার্জের লিমিট ছিল ১০ টাকা।
শুক্রবার (১ জুলাই) থেকে এসএমএসে গ্রাহকদের এ তথ্য জানানো শুরু করেছে টেলিকম অপারেটরটি। পর্যায়ক্রমে সব গ্রাহককে এ বার্তা পৌঁছে দেবে তারা।
গ্রামীণফোনের এসএমএসে জানানো হয়, এখন থেকে গ্রাহকরা ২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না। তবে এখনো ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকেজগুলো কিনতে পারবেন। এছাড়া ২১ টাকা ও ২৯ টাকা রিচার্জ করে যেকোনো স্থানীয় নম্বরে দুদিন এবং তিনদিনের জন্য বিশেষ কল রেটের সুবিধাও উপভোগ করা যাবে।
গ্রামীণফোনের এই সিদ্ধান্ত দুঃসংবাদ বলে মনে করছেন প্রান্তিক গ্রাহকরা। তবে, এখনো বাজারে থাকা ২০ টাকা কমমূল্যের স্ক্র্যাচ কার্ড বা বান্ডিল মিনিট প্যাক ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা আসেনি। এক্ষেত্রে কেবল ২০ টাকা ফ্লেক্সিলোড করে ৩০ দিন মেয়াদ পাওয়ার সুযোগ দেয়া হয়েছে।